ওবায়দুল কাদেরের কাছে খালেদা জিয়ার জামিনের সহযোগিতা চাইলো বিএনপি


প্রকাশিত:
৩ অক্টোবর ২০১৯ ০০:৪৭

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৯

ওবায়দুল কাদেরের কাছে খালেদা জিয়ার জামিনের সহযোগিতা চাইলো বিএনপি

প্রভাত ফেরী ডেস্ক: খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ ব্যক্তিগতভাবে দেখা করে জামিনের বিষয়ে সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হারুন অর রশিদ বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানোর অনুরোধ করেছেন বলেও জানান তিনি। বুধবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম জিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নেই।’



খালেদা জিয়ার জামিন নিয়ে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর মাধ্যমে তাকে কি  বিএনপির রাজনীতি থেকে মাইনাস করতে চাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটি ঠিক নয়। তার ৭৬ বছর বয়স। তিনি নানা রোগে আক্রান্ত। তার জরুরি চিকিৎসা প্রয়োজন। সে কারণে আমরা বলেছি তাকে জামিন দেন এবং তার চিকিৎসা করাবো। এর মধ্যে কোনও রাজনীতি নেই।’



ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন কিনা সেটা আদালতের বিষয়। সরকার আদালতকে জামিন দিতে বলতে পারে না। এটি বিচার ব্যবস্থার প্রতি অসম্মান জানানো হয়। চিকিৎসকরা যদি মনে করেন তার বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার সেটা তারা আদালতে বলতে পারেন। খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো শত্রুতা নেই। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন বিএনপির এমপি। তবে প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আদালতের বিষয়ে হস্তক্ষেপ করা কোনোভাবে সরকারের পক্ষে সম্ভব নয়।’



বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সরকারের বিরোধিতার কারণে বেগম জিয়ার জামিন হচ্ছে না। তারা জামিন চাইলে সরকার সেই আপিলের বিরোধিতা করে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘যখন জামিন চাইবেন তখন পক্ষ-বিপক্ষ আলোচনা তো হবেই। জামিনটা তারা কেন চান, জামিন চাওয়ার মতো মামলায় সেই সুবিধা আছে কি না সেটাও তো দেখতে হবে। জামিন চাইতে দেবে কি না, সেটা আদালতের বিষয়। সরকারের এখানে কিছু করার নেই।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top