মানসিক স্বাস্থ্য সচেতনতায় ABWLI-এর ‘হার্টস অ্যান্ড মাইন্ডস অ্যাক্রস কালচারস’ উদ্যোগের যাত্রা শুরু


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৬ ১৭:১৬

আপডেট:
৬ নভেম্বর ২০২৬ ১৯:২৯

ছবি: “Hearts & Minds Across Cultures”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিভিন্ন সাংস্কৃতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সমাজসেবীরা

সিডনি, ১ নভেম্বর ২০২৬: অস্ট্রেলিয়ান-বাংলাদেশি উইমেন ইন লিডারশিপ ইনকরপোরেটেড (ABWLI) তাদের বহুসাংস্কৃতিক মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি “Hearts & Minds Across Cultures”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। লিভারপুল ক্যাথলিক ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় ১৯০ জন অতিথি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিভিন্ন সাংস্কৃতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সমাজসেবীরা।

অস্ট্রেলিয়ান সরকারের Multicultural Grassroots Initiatives কর্মসূচির অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো বহুসাংস্কৃতিক ও ক্যাল্ড (CALD) সম্প্রদায়ের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার দূর করা, প্রতিরোধমূলক সুস্থতা চর্চা উৎসাহিত করা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা গ্রহণে উৎসাহ প্রদান।

অনুষ্ঠানে ABWLI-এর সভাপতি ডা. নাজলী সিদ্দিকী, সহ-সভাপতি ইন্দ্রিলা হক এবং সাধারণ সম্পাদক অমিত ভূঁইয়া-সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের মানসিক সুস্থতা কমিটির সদস্য ডা. নাহিদ সিদ্দিকী, ডা. শামা পারভীন, ওলগা স্কিয়াডোপোলোস এবং ডা. রিতু ভার্মা মানসিক স্বাস্থ্য সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীল সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনা পরিচালনা করেন অ্যাডিকশন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিহির রায়। এছাড়া ডা. রিতু ভার্মা অংশগ্রহণকারীদের জন্য শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও হার্ট কোহেরেন্স কৌশলের একটি ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করেন।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রাবন্তী কাজী ও সারা হোসেন।

সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এতে ডা. শামা পারভীনের পরিবেশনায় নজরুল সঙ্গীত, নাট্যাঞ্জলি ড্যান্স স্কুলের প্রতিষ্ঠাতা অঞ্জলি মোহনের মনোমুগ্ধকর ভরতনাট্যম নৃত্য, ডা. ফাবিহা ও তাঁর দলের বাঁশি ও ইংরেজি গানের পরিবেশনা এবং উজ্জ্বল ও শোভা ইংলেশ্বরের সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে সুরেলা বাঁশির সাথে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে ভারতীয়, তুর্কি, গ্রিক, চীনা, থাই, মেসিডোনিয়ানসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন, যা অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

ABWLI-এর প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ইন্দ্রিলা হক বলেন, “মানসিক সুস্থতা কোনো বিলাসিতা নয়। ভাষা বা সাংস্কৃতিক বাধা যেন কখনোই কাউকে সহায়তা পাওয়া থেকে বঞ্চিত না করে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্ভয়ে তাদের মানসিক সুস্থতা নিয়ে কথা বলতে পারে।”

উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত ABWLI নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও মানসিক সুস্থতা নিয়ে কাজ করে আসছে। সংগঠনটির মূলমন্ত্র “Strength in Diversity, Leadership in Unity”। আগামী ২০২৭ সালে নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top