সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে এক্স-আইইউবিয়ানস অস্ট্রেলিয়ার দশ বছর পূর্তি উদযাপন


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৬ ১৭:৫৮

আপডেট:
১৫ নভেম্বর ২০২৬ ১৯:৫৬

ছবি: এক্স-আইইউবিয়ানস অস্ট্রেলিয়ার দশ বছর পূর্তি উদযাপন

সিডনি, ১৫ নভেম্বর ২০২৬: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স-আইইউবিয়ানস অস্ট্রেলিয়ার দশ বছর পূর্তি। গত শনিবার (১৪ নভেম্বর) সিডনির লিলিফিল্ডে অবস্থিত লা মন্টাজে (Le Montage) আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

‘A Decade Down Under – A Decade of Excellence, A Legacy of Unity’ প্রতিপাদ্যে আয়োজিত ‘Ex-IUBians Australia 10-Year Jubilee Gala Night 2026’ অনুষ্ঠানে ছিল সংগঠনের এক দশকের অর্জন তুলে ধরা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় বসবাসরত আইইউবির কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে এক্স-আইইউবিয়ানস অস্ট্রেলিয়া। প্রবাসে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পরিবারগুলোকে নিয়ে একটি সুসংগঠিত অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলাই ছিল সংগঠনটির মূল লক্ষ্য।

সেই উদ্যোগের পরিধি এখন অনেক বড়। বর্তমানে অস্ট্রেলিয়ায় ছয় শতাধিক আইইউবি অ্যালামনাই বসবাস করছেন। তাঁরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকিং ও আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সংগঠনটি বিভিন্ন কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

গত এক দশকে সংগঠনটি শুধু পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তা, অস্ট্রেলিয়ায় বুশফায়ার ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগেও অংশ নিয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি অ্যালামনাইদের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি বৃহত্তর সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করেছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুদ চৌধুরী, একই কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর (অ্যাশ) রহমান, ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর এলিজা রহমান এবং সিটি অব ক্যান্টারবেরি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর ও ২০১৯ সালের ফেডারেল নির্বাচনে ওয়াটসন আসনে লিবারেল পার্টির প্রার্থী মোহাম্মদ শাহে জামান (টিটু)।

অতিথিরা সংগঠনের দশ বছর পূর্তিতে অভিনন্দন জানান। তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির অবদানের বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনা এবং অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ভূমির প্রতি সম্মান জানিয়ে ‘Acknowledgement of Country’-এর মাধ্যমে আনুষ্ঠানিক পর্ব শুরু হয়।

এরপর সংগঠনের দশ বছরের পথচলা নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য মুহূর্ত তুলে ধরা হয়। পুরোনো ছবি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে ফিরে আসে সংগঠনের শুরুর দিনগুলোর নানা ঘটনা।

সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইলিয়াস চৌধুরী তাঁর বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠার পটভূমি, এক দশকের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রবাসে অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা, নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অস্ট্রেলিয়ার বৃহত্তর সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।

দশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, পৃষ্ঠপোষক ও সহযোগীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আনুষ্ঠানিক পর্বের পাশাপাশি সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, কাহুট কুইজ প্রতিযোগিতা ও লাইভ ব্যান্ডের পরিবেশনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বয়সের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ক্রিস্টি ব্যান্ডের সংগীত উপস্থিত অতিথিদের আনন্দ দেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ ও তাসনিফ। তাঁদের সাবলীল উপস্থাপনা ও হাস্যরস অনুষ্ঠানে বাড়তি প্রাণ যোগ করে।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ছিল অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সঙ্গে দেখা, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং পারিবারিক আড্ডায় সময় কাটান উপস্থিত অ্যালামনাইরা। অনেকেই সন্তানদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এর ফলে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হয়।

দশ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের একটি বিশেষ স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, গত এক দশকের উল্লেখযোগ্য কর্মকাণ্ড, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সাফল্য, স্মৃতিচারণ এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবার্তা স্থান পেয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় আইইউবি অ্যালামনাইদের পেশাগত ও সামাজিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও পেশাজীবীরা পৃষ্ঠপোষকতা করেন। গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। সিলভার স্পনসর হিসেবে ছিল কেয়ার ফোর হেয়ার স্যালন, কমনওয়েলথ ব্যাংক এবং কনসালট্যান্ট সার্জন ডা. ফয়জুর রেজা।

এ ছাড়া ইভেন্ট স্পনসর হিসেবে সহযোগিতা করে ড্রিম কি রিয়েলটি, হরাইজন স্ম্যাশ রিপেয়ার্স, অস গ্রিন সোলার সলিউশনস, ইনটেক লিমিটেড, এসপি ফিন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টস, এভারহেভেন কেয়ার, ইনভিক্টা কলেজ এবং কাঁচা বাজার।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পৃষ্ঠপোষক, শিল্পী, স্বেচ্ছাসেবক এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি পারভেজ আনোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, অ্যালামনাই, তাঁদের পরিবারের সদস্য, পৃষ্ঠপোষক ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আগামী দিনগুলোতেও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নৈশভোজ, সংগীত পরিবেশনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক আড্ডার মধ্য দিয়ে শেষ হয় দশ বছর পূর্তির এই আয়োজন।

দশ বছর আগে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে শুরু হওয়া এক্স-আইইউবিয়ানস অস্ট্রেলিয়া এখন অস্ট্রেলিয়ায় আইইউবি অ্যালামনাই ও তাঁদের পরিবারের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রবাসে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক ধরে রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনটি তার কার্যক্রমের পরিধি বাড়িয়েছে। দশ বছর পূর্তির এই আয়োজন সেই পথচলার অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী দিনের জন্য নতুন প্রত্যাশার সূচনা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তি (Press Release)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top